প্রিন্ট এর তারিখঃ Jul 28, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
ড্রাইভিং লাইসেন্সে চালু হলো পয়েন্ট কর্তন ব্যবস্থা, আইন ভাঙলেই শাস্তি

সড়ক পরিবহন আইন আরও কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোটরযান চালকদের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কর্তনের ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
বিআরটিএর এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে মোট ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক ট্রাফিক আইন লঙ্ঘন করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি লাইসেন্স থেকে নির্ধারিত দোষসূচক পয়েন্ট কেটে নেওয়া হবে।
সংস্থাটি জানিয়েছে, 'রোড সেফটি পেনাল্টি সিস্টেম (RSPS)' অ্যাপের মাধ্যমে এই পয়েন্ট কর্তনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং সংশ্লিষ্ট চালকের লাইসেন্স থেকে পয়েন্ট কেটে নেওয়া হবে।
বিআরটিএ বলেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা কমানো এবং নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
কর্তৃপক্ষ সকল চালককে ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ